পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যেখানে কোনো হিংসা, বিদ্বেষ ও বৈষম্যের স্থান থাকবে না। গণভোটের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
মাগুরায় গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে জেলা অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সুপ্রদীপ চাকমা।
সুপ্রদীপ চাকমা আরও বলেন, কেউ যেন ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, নতুন প্রজন্ম যেন পড়াশোনায় অগ্রাধিকার পায় এবং সমাজে সম্প্রীতি বজায় থাকে এই লক্ষ্যেই গণভোট। তিনি ভোটারদের নিরপেক্ষভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি গণভোটের প্রচারণায় ব্যবহৃত লিফলেট ও ব্যানার-ফেস্টুনে উল্লেখিত দাবিগুলোর কথা তুলে ধরে বলেন, একজন ব্যক্তি দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদের উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার স্বীকৃতি এবং সাংবাদিকদের স্বীকৃতি দেয়ার বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত রয়েছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, উপসচিব মনিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গ্রাম পুলিশ ও সুধীজন সভায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ