আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে সর্বশেষ মোট ৩৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান স্বাক্ষরিত বৈধ মনোনীত প্রার্থীদের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।
এছাড়া মৃত্যুজনিত কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপির আরেক প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক, গণফোরামের জুলফিকার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এবিএম মোস্তফা কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী মোছা. শাহাজাদী আলম লিপি।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন-নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জামাল উদ্দিন, জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু ও গণঅধিকার পরিষদ (জিওপি’র) মো. সেলিম সরকার।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বৈধভাবে মনোনীত পাঁচ প্রার্থী হলেন-বিএনপির আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান আলী তালুকদার।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে পাঁচজন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর দবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শিপন কুমার রবিদাস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মো. মাহমুদুর রহমান ও লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপির) প্রার্থী খান কুদরত ই সাকলাইন।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বৈধ অন্য প্রার্থীরা হলেন-জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) আব্দুল্লাহ আল ওয়াকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আবু নুমান মো. মামুনুর রশিদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর দিলরুবা।
বগুড়া-৭ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র মৃত্যুজনিত কারণে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ আসনে বৈধভাবে মনোনীত চারজন প্রার্থী হলেন-বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ মুসলিম লীগ এর মো. আনছার আলী, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/জামশেদ