নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, দেশের পরিবর্তন ও কল্যাণের জন্য আসন্ন গণভোটে সবাইকে অংশ নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে পারে—এটাই আমাদের লক্ষ্য। আমরা কোনো রাজনৈতিক দলের সরকার নই; দেশ ও মানুষের কল্যাণে কাজ করছি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলার সব সরকারি কর্মকর্তাকে আন্তরিক ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক।
মতবিনিময় সভায় জুলাই সনদ বাস্তবায়নে ভোটাররা যেন ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেন, সে বিষয়ে সবাইকে উৎসাহ ও উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
বিডি প্রতিদিন/হিমেল