বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এই নির্বাচন শুধু এমপি নির্বাচনের লড়াই নয়-এটি সত্য ও মিথ্যার লড়াই, ইতিহাস রক্ষার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণ তাদের ভোটের মাধ্যমেই ইতিহাস বিকৃতকারীদের জবাব দেবে।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট মানেই শহীদ জিয়ার আদর্শে ভোট, ধানের শীষে ভোট মানেই গণতন্ত্রে ভোট, ধানের শীষে ভোট মানেই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানুষের ভাগ্য পরিবর্তন ও এলাকার উন্নয়নের শপথ।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের হাপানিয়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, স্বাধীনতার ইতিহাস আজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হচ্ছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, রাজাকার-আলবদরদের পৃষ্ঠপোষকতা করেছে, আজ তারাই নতুন নতুন বয়ান তৈরি করে স্বাধীনতার ঘোষক হওয়ার গল্প শোনাচ্ছে-এটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক।
তিনি বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। দীর্ঘ দুঃশাসনে মানুষ ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচনে মানুষ আর প্রতারিত হতে চায় না।
উঠান বৈঠকে তিনি বলেন, যদি জনগণ আমাকে নির্বাচিত করে সংসদে পাঠায়, তাহলে আমি এই এলাকার মানুষের অধিকার, সম্মান ও ন্যায্য দাবি আদায়ে আপসহীন থাকব। কোনো অন্যায়, দুর্নীতি, দুঃশাসনের সঙ্গে কখনো আপস করব না-এটাই আমার অঙ্গীকার।
সভায় স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, আমতৈল ইউনিযনের চেয়ারম্যান শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত