দেশের ভবিষ্যতের চাবিকাঠি ভোটারদের হাতে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতার।
সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে নিজের নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ সব কথা বলেন তাসলিমা আখতার। তিনি ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য পদে মাথাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ভোট উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং সকল নাগরিকের মর্যাদার বাংলাদেশের চাবিকাঠি এখন ভোটারদের হাতে।’
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকায় জনগণের পক্ষের যোগ্য প্রার্থীকে ভোটদানের মাধ্যমে ভোটাররা সেই ক্ষমতা সঠিকভাবে কাজে লাগাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল বিকেলে মগবাজার ওয়ারলেস এলাকা থেকে প্রচারণা শুরু করে তাসলিমা আখতার। মীরবাগ, মধুবাগ হয়ে মধুবাগ খেলার মাঠের কাছে নিজের নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘আমরা জনগণের কথা শুনতে চাই। জনগণের দাবি-দাওয়া শুনে সেগুলো পূরণ করার জন্য জনগণকে সাথে নিয়েই কাজ করতে চাই।’
এর আগে দিনের প্রথমার্ধ্বে তাসলিমা আখতার গণসংযোগ করেন রাজধানীর বাংলামোটর সংলগ্ন এলাকায়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডি-প্রতিদিন/আশফাক