বাংলাদেশ নির্বাচন কমিশনের সংস্কার ও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন প্রদানসহ পাঁচ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসের সামনে দলের উদ্যোগে এ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সব আইনগত শর্ত পূরণ ও গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, যা সংবিধানপ্রদত্ত রাজনৈতিক অধিকারের লঙ্ঘন।
এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান লেলিন, সদস্য সচিব শরিফুল ইসলাম শরীফ এবং সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দিনের ভোট রাতে হয়ে যাওয়ার মতো অনিয়মপূর্ণ নির্বাচন ব্যবস্থা জনগণ আর চায় না। তাই নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে রাজনৈতিক দল নিবন্ধনে নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত, সকল দলের সঙ্গে বৈষম্যহীন আচরণ, নির্বাচন কমিশনের জবাবদিহি, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং দল নিবন্ধন ও অভিযোগ নিষ্পত্তিতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর দাবিসহ পাঁচ দফা সংস্কার দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল