ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের নেতা তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানে জনতার ঢল নামছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশের জনগণ আমাদের সরকার গঠনের ম্যান্ডেট দেবে।
মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ৬৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন। এদিন সকাল থেকেই তিনি এই ওয়ার্ডের বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণসংযোগকালে নবীউল্লাহ নবী স্থানীয়দের নানা অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সেসব সমাধানের প্রতিশ্রুতি দেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে ঢাকা-৫-কে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বিএনপির বিকল্প নেই। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে রায় দিয়ে বিএনপিকে সরকারে পাঠাতে হবে।
এদিন ৬৪ নং ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষের কাছে লিফলেট বিতরণসহ ব্যাপক গণসংযোগ করেন নবীউল্লাহ নবী। এ সময় যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই