নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশী সম্মানিত করেছেন। তারা স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত মেয়েদের চাকরি দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের তারা সম্মানিত করেছিলেন। শিক্ষা ও কর্মস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামেলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকালে নাটোর উপ-শহর মাঠে নির্বাচনী এলাকার তিন সহস্রাধিক চা দোকানিকে নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, নাসিম খান, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
সমাবেশে দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিল। দেশজুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে করতো। কখনো আবার আমি আর ডামির নির্বাচন করতো। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সকলে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই আগামী ১২ তারিখ সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে যেতে হবে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।
বিডি প্রতিদিন/আরাফাত