গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিন। মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামবাসীর আয়োজনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি, সুখে-দুঃখে সেবক হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।’
তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে, কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যার সমাধান ও রাস্তা-ঘাটের উন্নয়ন করব। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।
নির্বাচনী জনসভায় এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সহ-সভাপতি মুন্সী আজিজুল হক নান্নু, মাহমুদপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন মুন্সী (মিলু), কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন মুন্সী প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া