একাত্তরের পরাজিত শক্তি চব্বিশকে সামনে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চায় বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
গতকাল মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একটি দলের উদ্দেশে এসএম জিলানী বলেন, ২০২৪ সালে এদেশের কৃষক, শ্রমিক ছাত্র-জনতা সম্মিলিতভাবে যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল, একটি গোষ্ঠী সেই গণঅভ্যুত্থানের একক দাবিদার হিসেবে নিজেদেরকে জাহির করছে। একাত্তরের পরাজিত শক্তি চব্বিশকে সামনে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চায়।
তিনি বলেন, যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাধীনতা বিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি নতুন করে বাংলাদেশে জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে। ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। আজকে আপনাদের বুঝতে হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুক্তিযোদ্ধাদের দল কারা। তাদের পক্ষে আপনাদেরকে থাকতে হবে।
স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানী বলেন, আমি ১৭ বছর এখানে ছিলাম। ২০০৮ ও ১৮ সালে দুইবার নির্বাচন করেছি। ২০১৪ ও ২০২৪ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। সঙ্গত কারণে জাতীয়তাবাদের সদস্য হিসেবে আমিও নির্বাচনে অংশগ্রহণ করিনি। দলের নির্দেশনা পালন করেছি। তাই আপনারা (জনগণ) ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
নির্বাচনি জনসভায় গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/জামশেদ