দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। এই দেশ ঐক্যের বাংলাদেশ, এই দেশ সম্প্রীতির বাংলাদেশ।
বুধবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিনি ঘোড়াঘাট উপজেলার কালুপুকুর, খোদাতপুর, দিঘীপাড়া, চেংগ্রাম ও নন্দনপুর এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
ডা. জাহিদ হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমাকে আপনাদের সেবায় কাজ করার সুযোগ করে দিন। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ-মন্দির সংস্কারসহ সার্বিক উন্নয়নে আপনাদের পাশে থেকে কাজ করবো।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন