নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনতার মুখোমুখি হয়েছেন গাইবান্ধা-২ আসনের প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে সুশাসনের জন্য নাগরিক(সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুজন জেলা শাখার সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। আঞ্চলিক সমন্বয়ক রাজেশ কুমার দে এর সঞ্চালনায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ(হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর প্রার্থী মিহির ঘোষ, বাসদ-মার্কসবাদী মনোনীত প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি) ও জনতার দল মনোনীত প্রার্থী শাহেদুর জাহান (কলম)।
অনুষ্ঠানে বক্তৃতায় প্রার্থীরা জনগণের প্রতি অঙ্গীকার করেন। এসময় জনগণও ‘আমার ভোট আমি দেব, বুঝে শুনে দেবো’ বলে শপথ করেন।
বক্তারা বলেন, এলাকার উন্নয়নের আগে ব্যক্তিগত চরিত্র উন্নয়ন করা প্রয়োজন। নির্বাচিত হলে তিনি নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিকে প্রশ্রয়ও দিবেন না। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায়- ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার সৃষ্টি করবেন। তারা আরও বলেন, এলাকার বেকার সমস্যা সমাধানে শিল্পভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ ও সরকারি বরাদ্দের টাকা যথাযথ ব্যয়ের ব্যবস্থা করবেন।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করবেন।
গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে রয়েছেন আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), আব্দুল করিম (দাঁড়িপাল্লা), আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), শাহেদুর জাহান (কলম), মিহির কুমার ঘোষ (কাস্তে), আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), আব্দুল মাজেদ (হাত পাখা)।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৭১৯, নারী ২ লাখ ৮২ হাজার ৭২ ও তৃতীয় লিঙ্গের ১১ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।
বিডি প্রতিদিন/কামাল