আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একেবারেই ভিন্ন কায়দায় ভোটের মাঠে নেমেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। হ্যান্ডমাইক বাঁধা সাইকেল চালিয়ে, এক হাতে সাইকেল আর অন্য হাতে মাইকের রিসিভার নিয়ে, নিজেই গ্রাম থেকে গ্রামে ঘুরে ভোট প্রার্থনা করছেন।
ঢেঁকি প্রতীকের এই প্রার্থী সঙ্গে কোনো কর্মী, সমর্থক বা আত্মীয়স্বজন রাখেননি। একাই দিন-রাত মাঠে থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সাধারণত যেখানে নির্বাচনি প্রচারণা মানেই মিছিল, সমাবেশ, ব্যানার, পোস্টার আর মাইকিংয়ের জৌলুস; সেখানে আজিজার রহমানের এই সাদামাটা প্রচারণা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।
পেশায় শিক্ষক আজিজার রহমান দীর্ঘদিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের বাসিন্দা। সাইকেল চালিয়ে একাই প্রচারণা চালানো এই প্রার্থী এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রে।
আজিজার রহমানের রাজনৈতিক অভিজ্ঞতাও কম নয়। তিনি এর আগে ১৯৯৬ সালে প্রথমবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে প্রায় দুই হাজার ভোট পান। ২০০১ সালেও পান দুই হাজারের বেশি ভোট। ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে পেয়েছিলেন ২৭ হাজার ভোট। ২০২৪ সালের সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি ১৭ হাজার ভোট পান। তবে এখনো কোনো নির্বাচনে জয়ী হতে পারেননি।
আজিজার রহমান বলেন, ‘আমার টাকা-পয়সা নেই, কর্মীও নেই। তাই নিজেই সাইকেল চালিয়ে প্রচারণা করছি। এতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছি।’
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আমার প্রতি সাড়া বেড়েছে। নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করব।’
ভাতগ্রাম এলাকার ভোটার মহব্বত আলী (৫৫) বলেন, ‘কর্মীবাহিনী ছাড়াই তিনি একা একা পথসভা করছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রতিদিন বাইসাইকেল আর হ্যান্ডমাইক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।’
আরেক ভোটার হান্নান মিয়া (৬০) বলেন, ‘তার কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার বা লিফলেট নেই। তবু তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোট কত পাবেন, সেটা সময়ই বলবে।’
এই আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ৯৫৮টি ভোটকক্ষে পাঁচ লাখ ১ হাজার ৯৪৯ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৫ হাজার ৯৫১ জন, নারী দুই লাখ ৫৫ হাজার ৯৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি এখানে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/এমই