মালদ্বীপে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত বাংলাদেশি প্রবাসী সেলিমের দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। ৯ নভেম্বর তিনি মালেতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহত প্রবাসীকে দেখতে যান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তহবিল থেকে এয়ার টিকেট হস্তান্তর করেন। এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিনও উপস্থিত ছিলেন।
ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা জনাব সেলিম মালদ্বীপে নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন এবং কাজের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পাসপোর্ট না থাকায় হাইকমিশন বিনামূল্যে ট্রাভেল পারমিট দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করেছে।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম সেলিমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশির চিকিৎসা ও অধিকার সুরক্ষায় হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।
বিডি প্রতিদিন/মুসা