মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার বিকৃতি রোধ, ভাষার মর্যাদা বৃদ্ধি এবং বিভিন্ন মাধ্যমে শুদ্ধ বাংলা ব্যবহারের আহ্বান জানিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখা। শুক্রবার সকাল ১১টায় সবুজবাগ থানা এলাকায় রাস্তার পাশে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং সবুজবাগ থানা শাখার সভাপতি সাগির মো. ইয়াছিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সঠিক ব্যবহারের বার্তা ছড়িয়ে দেন। প্ল্যাকার্ডগুলোতে বাংলা ভাষার সঠিক বানান ও ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সেগুলো নিরাপদ স্থানে টাঙিয়ে রাখা হয়, যাতে শহীদ দিবস উপলক্ষে আগত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তা দেখতে পারেন এবং ভাষা ব্যবহারে সচেতন হন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. এহসানুল হক, সবুজবাগ থানা শাখার সহ-সভাপতি সাদ্দাম ও রেহানা, সহ-সাধারণ সম্পাদক জিহাদ, সাংগঠনিক সম্পাদক ইমরান, ক্রীড়া সম্পাদক আকাশ, সাংস্কৃতিক সম্পাদক সোহাগ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রশান্ত, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শেফালি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাছির ও অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় আবদুল হান্নান মিলটন বলেন, “বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়-এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও জাতিসত্তার ভিত্তি। ভাষার বিকৃতি রোধ ও শুদ্ধ চর্চা নিশ্চিত করা তরুণ প্রজন্মের নৈতিক দায়িত্ব।”
রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. এহসানুল হক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সব ক্ষেত্রে শুদ্ধ বাংলা ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে ধারাবাহিকভাবে এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও ভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ চর্চা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/তানিয়া