নরসিংদীর মনোহরদীতে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা। রবিবার চন্দনবাড়ি চরপাড়া, ২নং ওয়ার্ড, মনোহরদী পৌরসভা এলাকায় অবস্থিত আলাউদ্দিন কবিরাজ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও কোরআন শরিফ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৭০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে মসজিদভিত্তিক কোরআন শরিফ বিতরণ করা হয়। এছাড়াও ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিন। তিনি বসুন্ধরা শুভসংঘের এ মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এ ধরনের সহমর্মিতা আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের মাঝে মানবিক চেতনা জাগ্রত করে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “রমজানের শিক্ষা শুধু আত্মসংযমে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অবহেলিত, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ মাসের প্রকৃত তাৎপর্য। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একসাথে জামাতে নামাজ আদায়ের উপযোগী একটি মসজিদ অত্যন্ত প্রয়োজন। আমরা আশা করি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে এসে এই প্রয়োজন পূরণে সহযোগিতা করবেন।”
তিনি আরও বলেন, “কোরআনের আলো ছড়িয়ে দিতে পারলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার ভিত্তি মজবুত হবে। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. এমদাদুল হক সোহেল, মোখলেসুর রহমান, মোহাম্মদ আব্দুল হামিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ আয়োজন শুধু ইফতার ও কোরআন বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল সামাজিক দায়বদ্ধতা, মানবিক সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য প্রয়াস।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করে। মানবতার কল্যাণে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া