শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখা।
উপজেলার দুই অসহায় বাসিন্দা-জায়েদা বেগম ও জয়নব। দুজনেই বিধবা ও নিঃসন্তান। আর্থিক কষ্টে তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। তাদের এমন অবস্থার কথা জানতে পেরে সংগঠনের সদস্যরা রমজান ও ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যান।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, খেজুর, মুড়ি, ছোলাবুট, পেঁয়াজ, রসুন ও আলু।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নাইমুর হাসান রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত সরকার, দপ্তর সম্পাদক রাবায়েত হোসেন, ক্রীড়া সম্পাদক সানোয়ার আলম, স্থানীয় বাসিন্দা খোরশেদ আলমসহ অন্যান্য সদস্যরা।
সাধারণ সম্পাদক নাইমুর হাসান রিফাত বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সংগঠন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সহায়তা পেয়ে জায়েদা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “বাবা, আমরা তো একা মানুষ। ঘরে উপার্জন করার কেউ নাই। কেমনে যে দিন কাটাই, আল্লাহই জানে। রমজান আইছে, চিন্তা করতেছিলাম কীভাবে রোজা রাখমু। আজ আপনারা যে বাজার দিছেন, এতে আমাদের অনেক উপকার হইলো। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।”
জয়নবও চোখের পানি মুছতে মুছতে বলেন, “আমাগো খবর কেউ রাখে না। ঈদের সময় আইলে মনটা বেশি খারাপ লাগে। আজ আপনারা আইছেন, বাজার দিছেন-মনে হইতেছে আমরা একেবারে একা না। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের ঘর ভরাইয়া দিক।”
বিডি-প্রতিদিন/তানিয়া