স্বামীর মৃত্যুর পর জীবনে নেমে আসে অন্ধকার। ছয় সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন দুঃখিনী সাজেদা আক্তার (৩০)। তার এই দুঃসহ জীবনের খবর পেয়ে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বসুন্ধরা শুভসংঘ শাখা।
বৃহস্পতিবার সকালে তাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিক, উপদেষ্টা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সভাপতি মো. জামাল তালুকদার, সহ-সভাপতি রাজেশ গৌড়, সাধারণ সম্পাদক আল নোমান শান্ত, শিক্ষক পল্টন হাজং এবং সাংবাদিক শাহিন মিয়া।
জানা যায়, সাজেদা আক্তারের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা। পরবর্তীতে তার বিয়ে হয় শ্যামগঞ্জ এলাকায়। জীবিকার তাগিদে স্বামী আব্দুল মান্নান প্রায় ৯ বছর আগে নেত্রকোনার দুর্গাপুরে চলে আসেন। সেখানে সোমেশ্বরী নদীর পাড়ে একটি খুপরি ঘরে আশ্রয় নেন তারা। দেড় বছর আগে স্বামীর মৃত্যু হলে ছয় সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েন সাজেদা।
সংসারের হাল ধরতে ১৫ ও ১৪ বছর বয়সী দুই সন্তান বিভিন্ন জায়গায় কাজ করে উপার্জিত টাকা মায়ের হাতে তুলে দেয়। নিজেও অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান তিনি। তবুও অভাব-অনটনের মধ্যেই কাটে তাদের দিন। এমন অসহায় অবস্থার কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখা মানবিক সহায়তার উদ্যোগ নেয়। পরে সংগঠনের পক্ষ থেকে সাজেদার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তায় ছিলো- চাল, ডাল, তেল, লবণ, ডিম, আলু, পেঁয়াজ, মুড়ি, চিনি ও সেমাই।
খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত সাজেদা আক্তার জানান, সন্তানগুলোকে নিয়ে খুব কষ্টে আছেন তিনি। এই দুঃসময়ে বসুন্ধরা শুভসংঘ পাশে দাঁড়িয়েছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আল্লাহ যেন তাঁদের সবাইকে ভালো রাখে।
এ সময় বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জামাল তালুকদার বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/তানিয়া