রাজশাহী কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি মিরাতুজ জাহান মিলি। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম শাফি, সহ-সভাপতি রায়হানুল ইসলাম, প্রীতি চৌধুরী ও আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম-সাধারণ সম্পাদক লাবিব ইমন, মোসা. তামিম তুলি ও সাহেদ ইসলাম, দপ্তর সম্পাদক তৌফিকুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সিনথিয়া নাজনীন মিষ্টি এবং সদস্য আহমেদ রুদ্র অনুষ্ঠানে অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির ও যুগ্ম-আহ্বায়ক রাশিকুজ্জমান প্রীতম। পাশাপাশি রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেনও ইফতার মাহফিলে যোগ দেন।
ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, শিক্ষাঙ্গনে সহাবস্থান ও সুস্থ রাজনৈতিক চর্চা নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা জরুরি।
আলোচনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে মানবিক কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক ছাত্ররাজনীতি এবং সামাজিক সংগঠনের ইতিবাচক ভূমিকা নিয়ে মতামত তুলে ধরা হয়। বক্তারা দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার ওপর জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম বিস্তারের আহ্বান জানান।
এ সময় বসুন্ধরা শুভসংঘের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও যুব উন্নয়নমূলক কার্যক্রমকে আরও জোরদার করা হবে।
ইফতার মাহফিলটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিয়ে এক আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া