নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব রেণুর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার বিকেলে কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি মাইক্রোবাস তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিবহনে থাকা চালক ও সহকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা চিংড়ি রেণুগুলো আজ বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এআইএস