আগামী ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার আয়োজনের পরিসর আরও বড় ও বর্ণাঢ্য হবে।
নাগর নদীর তীরে অবস্থিত পতিসর কাচারি বাড়ি ছিল কবির জমিদারি কার্যক্রম পরিচালনার কেন্দ্র। ১৮৯১ সালে প্রথমবার এখানে আসেন তিনি এবং সর্বশেষ আসেন ১৯৩৭ সালে। এই সময়ে কুঠিবাড়ি ও পদ্মা বোটে অবস্থানকালে তিনি বহু কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেন। পাশাপাশি প্রজাদের কল্যাণে নানা উদ্যোগ নেন। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে কৃষি উন্নয়নে ব্যাংকধর্মী কার্যক্রম চালু করেন এবং পতিসর ও কালিগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
১৯৯৩ সাল থেকে জাতীয়ভাবে এখানে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন শুরু হয়। প্রতিবছরের মতো এবারও উৎসবকে ঘিরে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জন্মবার্ষিকী উপলক্ষে কাচারি বাড়ি সংস্কার, প্যান্ডেল ও তোরণ নির্মাণ এবং আশপাশের সড়ক সংস্কারের কাজ চলছে। দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ডাকবাংলো প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বিক তদারকি করা হচ্ছে।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু জানান, এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেবেন বলে তিনি জানান।
সব মিলিয়ে, এবারের রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে পতিসরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস