নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ স্কুল মাঠে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী বিয়াশ জামাই মেলা শেষ হয়েছে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে। প্রায় ৪৫ বছরের পুরোনো এ মেলা বৈশাখের শেষ মঙ্গলবারকে কেন্দ্র করে প্রতি বছর অনুষ্ঠিত হয়।
এ বছর সোমবার বিকালে মেলা শুরু হয়ে মঙ্গলবার মূল আয়োজন এবং বুধবার ‘বউ মেলা’র মাধ্যমে শেষ হয়। মেলায় বড় মাছ কেনাকে ঘিরে জামাইদের মধ্যে ছিল উৎসবমুখর প্রতিযোগিতা। রুই, কাতলা ও বোয়ালসহ ৫ থেকে ১৫ কেজি ওজনের বিভিন্ন মাছ বিক্রি হয়।
মেলায় আসা শাহরিয়ার নামে এক জামাই জানান, তিনি ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ কিনেছেন। স্থানীয় বাসিন্দা প্রভাষক সাদরুল উলা বলেন, বড় মাছ কেনার সুযোগ কম থাকায় প্রতি বছর তিনি এ মেলায় আসেন।
মাছ ব্যবসায়ী তফিজ জানান, ধানের কম দাম ও অকাল বন্যায় কৃষকদের ক্ষতির কারণে এবার মাছের চাহিদা তুলনামূলক কম ছিল। ফলে অনেক ব্যবসায়ীকে কম দামে মাছ বিক্রি করতে হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে বিয়াশ এলাকায় এ মেলার সূচনা হয়। বর্তমানে এটি এলাকার অন্যতম সামাজিক ও পারিবারিক মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজক কমিটির সদস্যসচিব প্রভাষক কামরুল হাসান বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ মেলা উপভোগ করেছে।
বিডিপ্রতিদিন/কেকে