চাঁদপুরে আন্তঃক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জনকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, কারাতে আত্মরক্ষা, শরীর চর্চা ও মেধা বিকাশের জন্য এটি অতিব প্রয়োজনীয়। এর প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কেরাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী।
পুরস্কার বিতরণ পূর্বে অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগীরা তাদের কারাতে নৈপুণ্য প্রদর্শন করেন এবং বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে ৪ ক্যাটাগরিতে ৪২ জনকে পুরস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/কেএ