মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বোস্টন আন্তর্জাতিক ম্যারাথন-২০২৬ তে অংশ নিয়েছেন বাংলাদেশের হয়ে রেকর্ড ১৪০টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া শিব শংকর পাল।
সোমবার বিশ্বের সবচেয়ে পুরনো এই ম্যারাথনে অংশ নিয়ে দেশের লাল সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০ হাজার প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের হয়ে বোস্টনের এই ইভেন্টে অংশ নিয়ে সুনাম কুড়িয়ে চলেছেন ক্রীড়াবিদ শিব শংকর। পতাকা হাতে নিয়ে তিনি দৌড়ে ফিনিশিং লাইন শেষ করেছেন ৩ ঘণ্টা ৪০ মিনিটে।
১৩০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা হাতে দৌড়াতে পেরে দারুণ খুশী ঢাকার নবাবগঞ্জের ছেলে শিব শংকর পাল। তিনি জানান, কলকাতা ম্যারাথন সাফল্যের সাথে শেষ করার পর খুব অল্প সময়ই পেয়েছি বোস্টন ম্যারাথনের প্রস্তুতি নিতে। তবুও দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস নিয়ে শত প্রতিকুলতা পার হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে মার্কিন মুল্লুকে দৌড়ানোটা আমার জন্য সব সময়ের মতই গর্বের ও উপভোগের।
বোস্টন শহরেও বসবাস করছেন কয়েকশ প্রবাসী পরিবার। এদিন শিব শংকরকে দেশের পতাকায় দেখতে পেয়ে অনেকেই গৌরবের সাথে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিয়ে শিব শংকরকে অনুপ্রেরণা যোগান। নিরাপত্তাবলয় আর নিয়ম কানুনের কারণে ম্যারাথন শেষে তাদের কারো সাথে দেখা করতে না পেরে আক্ষেপের কথা জানান শিব শংকর। তবে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিতে ভোলেননি শিব শংকর।
নিউইয়র্ক ম্যারাথনের অংশ নেওয়ার পর বোস্টন ম্যারাথনের ১৩০তম এই আসরকে চিরদিন স্মরণে রাখার কথা জানান তিনি। ফিনিশিং লাইন শেষে পদক গ্রহণের পর বাংলাদেশকে নিয়ে তার স্বপ্নের কথা জানান। বলেন, লক্ষ্য একটাই কমপক্ষে দেড়শ আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক স্পর্শ করা। বুকে থাকবে শুধুই লাল সবুজের পতাকা।
বিডি প্রতিদিন/জেডএ