বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে ঘানার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। ড্র করলেই নকআউট নিশ্চিত হতো লুকা মদরিচদের, তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে ৩১ মিনিটে ক্রোয়েশিয়াকে লিড এনে দেন পেতার সুচিচ। মাতেও কোভাচিচের পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান তিনি। গোলরক্ষক বেনজামিন আসারের কিছুই করার ছিল না।
গোলের আগে ও পরেও একাধিক সুযোগ তৈরি করেছিল ক্রোয়েশিয়া। ১৭ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিকোলা ভ্লাসিচের শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে।
২১ মিনিটে লুকা মদরিচের ক্রস থেকে হেড করেছিলেন মারিন পংরাচিচ, তবে বল চলে যায় গোলবারের ওপর দিয়ে। গোল হওয়ার ঠিক এক মিনিট আগে মদরিচের ফ্রি-কিক থেকে ইভান পেরিসিচের হেড দুর্দান্ত সেভ করেন ঘানার গোলরক্ষক আসারে।
প্রথমার্ধে ৫১ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নেয় ক্রোয়েশিয়া, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৪৯ শতাংশ বল দখলে রাখলেও ঘানা মাত্র একটি শট নেয় এবং সেটিও লক্ষ্যভ্রষ্ট ছিল।
বিডি প্রতিদিন/এম.এস