বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভায় মাদক সেবন ও কিশোর গ্যাংয়ে যুক্ত না হওয়ার শপথ নিয়েছেন শতাধিক শিক্ষার্থী।
রবিবার (২৯মার্চ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মামুরশাহী দাখিল মাদ্রাসার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই শপথ নেন তারা। ব
সুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠান প্রধান আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী।
এসময় তিনি বলেন, বর্তমান সময়ে মাদক ও কিশোর গ্যাং আমাদের সমাজে বড় সমস্যা। এটি মোকাবিলা করা একটি সামাজিক চ্যালেঞ্জ। কারণ এর প্রভাবে শিশু-কিশোরদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে। পরিবার, বিদ্যালয় ও সমাজ সম্মিলিতভাবে কাজ করলে এই সমস্যা থেকে শিক্ষার্থীদের রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
শুভসংঘ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় দেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু-কিশোরদের কিশোর গ্যাং থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি তাদের সুস্থ, সৃজনশীল ও শিক্ষামুখী জীবনে ফিরিয়ে আনতে হবে। বসুন্ধরা শুভসংঘের এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি হাবিবুর রহমান পান্না, গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, রফিকুল ইসলাম, শিক্ষক জালাল উদ্দিন, আব্দুল বারী, আফাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভার একপর্যায়ে মাদক সেবন ও কিশোর গ্যাংয়ে না জড়ানোর শপথ নেন উপস্থিত শতাধিক শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/কামাল