ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা দ্রুত বৈধ আবাসনের দাবিতে দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এই কর্মসূচি শুরু হয়, যা চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্লাস শুরু হলেও আবাসিক হলে সিট না পাওয়ায় তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে তারা বৈধ সিটের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের জানান বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট দীর্ঘদিনের। তবে নতুন সেশনের শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হলে জায়গা না পেয়ে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মেস, সাবলেট কিংবা আত্মীয়দের বাসায় থাকছেন। এতে যাতায়াত খরচ বাড়ার পাশাপাশি নিরাপত্তা নিয়েও তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ পার হলেও অধিকাংশ নবীন শিক্ষার্থী এখনো হলে সিট পাননি। ফলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকাও কঠিন হয়ে পড়ছে তাঁদের জন্য। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী আসহাব আহমেদ সাহিব বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ হলেও শুরুতেই অনিশ্চয়তার মধ্যে পড়েছি। প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে আসতে হচ্ছে, এতে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। বাইরে থাকার কারণে খরচ ও নিরাপত্তা—দুই দিক থেকেই সমস্যায় পড়ছি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও উদ্বেগজনক।
নুসরাত জাহান তিথি নামের আরেক শিক্ষার্থী বলেন, অনেকে এখনো ঢাকায় থিতু হতে পারেনি। অনিরাপদ পরিবেশে থেকে তাঁদের মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান চাই।
আন্দোলনকারীরা জানান, কর্মসূচির প্রথম দুই ঘণ্টাতেই সহস্রাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সংগৃহীত হয়েছে। গণস্বাক্ষর সংগ্রহ শেষে দাবি সংবলিত একটি স্মারকলিপি উপাচার্যের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/এআইএস