ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯৯৯ এ কলের মাধ্যমে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় জিম্মিদশা থেকে উদ্ধার হয়েছেন ব্যবসায়ী রূপক রায়। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার আলাদাউদপুর গ্রামের সাহা পাড়ার বাসিন্দা রূপক রায় আমতলী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কৌশলে তাকে আনোয়ার হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেঁধে মারধর করা হয় এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগে জানা যায়, রূপকের কাছে ২০ লাখ টাকা দাবি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তাকে অপহরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। এ সময় পরিবারের কাছে মোবাইল ম্যাসেজে বিভ্রান্তিকর তথ্য পাঠানো হয়।
পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এ কল করা হয় এবং থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় আটকরা হলেন আলাদাউদপুর গ্রামের লাভলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন ও তার ভাই শাহনূর রহমান। মামলায় লাভলুর রহমানকেও আসামি করা হয়েছে।
রূপক রায় বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তার বাবা গোপাল রায় জানান, দ্রুত উদ্ধার না হলে বড় ধরনের ক্ষতি হতে পারত।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব সরকার জানান, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/আশিক