সব ধরনের প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গাইবান্ধায় গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
সোমবার সকালে জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই গণশুনানির আয়োজন করে। শুরুতে কোরআন তেলাওয়াত করেন রংপুর দুর্নীতি দমন কমিশনের নুর বকস্ বাবুল ও গীতা পাঠ করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য উজ্জল চক্রবর্তী।
এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগীরা স্বাস্থ্য, শিক্ষা, পাসপোর্ট, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি অফিসসহ ৩২টি দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির শতাধিক অভিযোগ জমা দেন। এর মধ্যে ৯৮টি অভিযোগ উপস্থাপন করা হয়। এতে সরাসরি কর্মকর্তাদের সামনে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন। এছাড়া বাকি বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেন।
মোহাম্মদ খালেদ রহীম বলেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধে প্রশাসনিক জবাবদিহিতা, কঠোর আইনি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধি করে দুর্নীতি বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদকের প্রধান কার্যালয়ের মহাপরিচালক মোতাহার হোসেন ও মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আব্দুস সালামসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/এমই