গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে পুরোনো প্রশ্নপত্র ও লিখিত পরীক্ষার খাতাসহ দুই যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহযোগিতা করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মোশারফ হোসেন ও জুলফিকার আলী।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দাখিল পরীক্ষা চলাকালে উপজেলার কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলী মাদ্রাসা কেন্দ্রের অদূরে কামদিয়া বাজার এলাকার একটি ধানের গুদামে অভিযান চালানো হয়। এ সময় ওই গুদাম থেকে পরীক্ষার পুরোনো প্রশ্নপত্র, লিখিত পরীক্ষার তিনটি খাতা, পুরোনো সাদা খাতাসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। একই সঙ্গে ওই দুই যুবককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সবুজ মিয়া বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। জব্দ করা খাতাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কেকে