চাঁপাইনবাবগঞ্জের একটি মডেল মাদ্রাসায় প্রায় ৯ বছর বয়সী এক শিশুকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বুধবার (১৩ মে) সকালে আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় ক্লাস চলাকালে শিক্ষক সাকির আলী ওই শিশুকে মারধর ও গলা চেপে ধরেন। পরে শিশুটিকে উপরে তুলে নিচে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়- একাধিক শিক্ষার্থীর সামনে ওই শিক্ষক প্রথমে লাঠি বা স্কেল দিয়ে শিশুটিকে মারধর করছেন, পরে তাকে শারীরিকভাবে আঘাত করছেন। অন্য শিক্ষার্থীরা ভয়ে পাশে এগিয়ে আসতে পারেনি।
আটক শিক্ষক সাকির আলী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে (২৩)। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শিশু শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষক সাকির আলীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ