কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)–এর অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তে টহল পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে। সন্দেহজনক যেকোনো গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এআইএস