গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রেজওয়ান (১৬) চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
রেজওয়ান গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার মো. আলমগীর মিনার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ১১ মে দুপুরে প্রাইভেটে পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। এরপর আর বাড়ি ফিরে আসেনি।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের কাছে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনেও যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের ঘটনায় রেজওয়ানের বাবা গত ১২ মে গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী খোঁজ চালালেও এখনো তার ছেলের সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রেজওয়ানের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে শার্ট ও প্যান্ট ছিল।
বিডি-প্রতিদিন/এআইডি