বরগুনার পাথরঘাটায় চৌকি আদালতের কার্যক্রম সক্রিয়করণ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে বৃহস্পতিবার পাথরঘাটা আইনজীবী সমিতিতে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. পনির শেখের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কার্যক্রমকে আরও সক্রিয় ও জনবান্ধব করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মোস্তফা মিয়ার উপস্থাপনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য স্কপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, সংকল্প ট্রাষ্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু, মসিউর রহমান, নাহিদ সুলতানা লাকি, আওলাদ হোসেন তুহিন, জেন্ডার ইকুয়ালিটি এন্ড কাইমেট এলায়েন্সের সভাপতি শফিকুল ইসলাম খোকন প্রমুখ। সভায় নারগিস পারভীন মুক্তি সম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতন, বাল্যবিবাহের চিত্র উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, চৌকি আদালত কার্যকরভাবে পরিচালিত হলে সাধারণ মানুষ দ্রত ও সহজে ন্যায়বিচার পাবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আদালতের ওপর চাপ কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। সভায় চৌকি আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা চৌকি আদালতকে জনগণের আস্থা ও সেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/জেডআর