উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২০২৬। শুক্রবার (১৫ মে) সকালে জেলা শহরের মিনি স্টেডিয়ামে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ ক্রিকেট লিগের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম ও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, খেলাধুলা তরুণসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। নীলফামারীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম বলেন, দীর্ঘদিন ধরে এমন লিগের আয়োজন হয়নি। জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটকে আরও গতিশীল করতে এই লিগের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলতে পারে এমন খেলোয়াড় তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা, সাবেক খেলোয়াড়, কোচ, অংশগ্রহণকারী দলের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শক।
উদ্বোধনী ম্যাচে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে নর্দান ক্রিকেট ক্লাব, নীলফামারী বনাম সিটি ক্রিকেট ক্লাব, সৈয়দপুর।
এবারের লিগে ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- সিটি ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নীলফামারী ক্রিকেট একাডেমি ও নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি।
বিডি প্রতিদিন/কেএইচটি