কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
মৃত কালা হাসান ডাকাত বাহিনী ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন। তিনি ওই এলাকার সুলতান আহমেদের ছেলে। তারা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের ৬৩৪ নম্বর শেডে থাকতেন।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,হাসানের বিরুদ্ধে তিনটি অস্ত্র, দুটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি অপহরণ ঘটনায় মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয়দের বরাতে ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার, মসজিদ কমিটি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা বলে মুচনী রেজিস্টার্ড ক্যাম্প কমিটির এক সদস্য রাতে হাসানকে ডেকে নেন। প্রতিপক্ষের কাছে আগে থেকে খবর থাকায় ওত পেতে থাকে সাদ্দাম হোসেন নামে আরেক রোহিঙ্গা। তার নেতৃত্বে ছয় থেকে সাত সশস্ত্র সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে স্থানীয়দের সহায়তায় হাসানকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নেওয়া যায়। অবস্থার অবনতি হলে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের জন্য পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে নয়াপাড়া এপিবিএনের একটি দল ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর টেকনাফ মডেল থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বিডি প্রতিদিন/আরকে