চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সোনাইছড়ি এলাকার একটি ট্রাকের ডিপোতে নিজের শিশু সন্তানের রুপার অলংকার নিয়ে জুয়া খেলতে গিয়েছিলেন এক বাবা। তবে শেষ পর্যন্ত ওই বাবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় ভ্রাম্যমান আদালতের এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার বাসিন্দা অটোরিকশা চালক মো. আজম (২৮), পাক্কা মসজিদ এলাকার জাহাজভাঙ্গা শ্রমিক মো. কামাল হোসেন (৪৭) ও কদমরসুল এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. নাজিম উদ্দিন (৪৮)।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, জুয়াড়িদের তল্লাশির সময় একজনের কাছ থেকে কিছু রুপার অলংকার পাওয়া যায়। প্রথমে তিনি সেগুলোর বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেও পরে স্বীকার করেন সেগুলো তার মেয়ের। পরে মানবিক দিক বিবেচনায় অলংকারগুলো জব্দ না করে শিশুটির কাছে ফেরত পাঠানো হয়।
একইসাথে গ্রেফতার তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এআইডি