বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে তুমরাও ম্রো (১) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুমরাও ম্রো এর মৃত্যু হয়। আলীকদম উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার ১৩ মে গুরুতর অসুস্থ অবস্থায় তুমরাও ম্রোকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুমরাও ম্রো মেনরুওয়া পাড়ার বাসিন্দা।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ আবু হানিফ জানান, গত বুধবার ১৩ মে পর্যন্ত এই উপজেলায় হাম উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৩০৪ শিশু। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৪ জন। উন্নত চিকিৎসার জন্য ৬ শিশুকে পাঠানো হয়েছে বিশেষায়িত হাসপাতালে।
তিনি জানান, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের নির্দেশে কুরুকপাতা ও পোয়ামুহুরীতে দু’টি অস্থায়ী হাসপাতাল/ক্যাম্প হাসপাতাল স্থাপন করা হয়। এ দুটি ক্যাম্প হাসপাতালে ৪১০ শিশুকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকার ঘরে ঘরে গিয়ে অসুস্থ শিশুদের হামের টিকা ও প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে আসছে।
বিডি প্রতিদিন/এএম