নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকার দাপা-শৈলকুড়িয়া উড়াল রেললাইন ব্রিজের নিচে কোরবানির পশুর অবৈধ হাট উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। প্রায় দেড় ঘণ্টার অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেইসঙ্গে সড়কজুড়ে যানজট সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিএনপির নেতাদের আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি শান্ত হয় এবং এলাকাবাসী সড়ক ছেড়ে দেন।
স্থানীয় মসজিদের ইমাম মো. হারুনুর রশিদ বলেন, আমাদের একটি এতিমখানার সহযোগিতার জন্য এলাকাবাসী সকলে মিলে একটি হাটের ইজারা নিয়েছেন। কিন্তু এই হাটের সঙ্গেই আরেকটি অবৈধ হাত বসায় একটি মহল। তারা কোনোরকম ইজারা নেওয়া ছাড়াই হাট বসিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আর সেই ক্ষোভ থেকেই এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন।
পার্শ্ববর্তী বৈধ হাটের ইজারাদার মো. শাখাওয়াত হোসেন বলেন, আমরা একটি এতিমখানা মাদ্রাসার সহযোগিতার জন্য প্রশাসন থেকে একটি হাটের ইজারা নিয়েছি। কিন্তু এই হাটের পাশেই আরেকটি অবৈধ হাট বসিয়েছে বিএনপির নামধারী কিছু লোকজন। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
স্থানীয় মো. মশিউর রেজা সজীব নামে একজন বলেন, আমরা একটি অবৈধ হাট উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ করেছিলাম। পরে ফতুল্লা থানা বিএনপি নেতা আশ্বাস দিয়েছেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তাই আমরা আপাতত সড়ক ছেড়ে দিয়েছি। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা আবারও আন্দোলনে নামব।
তবে দাপা-শৈলকুড়িয়া উড়াল রেললাইন ব্রিজ-সংলগ্ন হাটের ইজারাদার ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন বলেন, আমরা যেখানে হাট বসিয়েছি এই জায়গাটি রেলওয়ের। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে এই হাটের জন্য অনুমোদন নিয়েছি। কিন্তু তিনি এ সময় অনুমোদনের কাগজ দেখাতে পারেননি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় অবৈধ হাট বসানোর কোনো সুযোগ নেই। আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
বিডি প্রতিদিন/কেএইচটি