বিশ্বকাপের শেষ বত্রিশের সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটিতে ১২০ মিনিটেও জয়ী দল নির্ধারণ করা যায়নি। ফলে নেদারল্যান্ডস ও মরক্কোর ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে পেনাল্টি শুটআউটে।
নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল আর গোল করতে পারেনি। যদিও দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগ পায় মরক্কো। সুফিয়ান রাহিমি একেবারে গোলমুখে পৌঁছে শট নিলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন। তার এই সেভই ম্যাচে ডাচদের বাঁচিয়ে রাখে।
এর আগে নির্ধারিত সময়ে ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ইসা দিয়োপের হেডে সমতায় ফেরে মরক্কো। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল দিয়োপের প্রথম গোল, আর সেটিই দলকে ম্যাচে ফিরিয়ে আনে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেও দুই দল সতর্ক ফুটবল খেলেছে। মাঝেমধ্যে আক্রমণ তৈরি হলেও কোনো দলই শেষ পর্যন্ত জালের দেখা পায়নি।
ফলে ১২০ মিনিটের লড়াই শেষে স্কোরলাইন ১-১। এখন শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে দুই দলকেই নামতে হবে পেনাল্টি শুটআউটের স্নায়ুচাপের পরীক্ষায়।
বিডি-প্রতিদিন/এআইডি