বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় লাকসাম উপজেলা অডিটোরিয়ামে লাকসাম সুর সাধনা সংগীত একাডেমি ও দুপচর সংগীত একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উচ্চাঙ্গ ও রবীন্দ্রসংগীত শিল্পী, কুমিল্লা সংগীত একাডেমির অধ্যক্ষ অধ্যাপক দিলীপ মজুমদার, দুপচর সংগীত একাডেমির সভাপতি সঞ্জিব বড়–য়া, সুর সাধনা সংগীত একাডেমির সভাপতি সুমন দেবনাথ এবং সাংবাদিক ও আলোকচিত্রী শ্যামল বড়ুয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, লাকসাম সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, সহ-সভাপতি বিভোর চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
অনুষ্ঠানে সংগঠন দু’টির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তব্যে অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মাঝে তাঁদের সাহিত্য ও সংগীতচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লাকসাম সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও সংগীতশিল্পী লিটন সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠন দু’টির শিক্ষার্থীরা রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, নৃত্য ও একক অভিনয় পরিবেশন করেন। মনোমুগ্ধকর পরিবেশনায় হলভর্তি দর্শকরা মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারী শিল্পীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় অতিথিরা শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।
বিডি-প্রতিদিন/এআইডি