গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে প্রশাসনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রংপুর নগরীর বাহারদুর সিং মধ্যপাড়া এলাকায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এ সময় রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবিরও উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে জেলা প্রশাসক বলেন, ভোটের মাধ্যমেই দেশের যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত হয়। সঠিক ফরম ও নম্বর সম্পর্কে অবগত থেকে সচেতনভাবে ভোট প্রদান করতে হবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের পথ সুগম হবে।
তিনি আরও বলেন, সচেতনভাবে ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। দেশের চাবিকাঠি জনগণের হাতেই ন্যস্ত। দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।
এ সময় ভোটারদের জানানো হয়, ভোটের দিন কেন্দ্রে দুই ধরনের ব্যালট পেপার থাকবে—জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার। শান্তিপূর্ণ পরিবেশে শৃঙ্খলা মেনে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল