ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সব ধর্মের মানুষ শুধু বিএনপির কাছেই নিরাপদ। বিএনপিই পারে সবাইকে নিরাপত্তা দিতে।
মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অসত্য ও দুর্নীতির সঙ্গে আপস করেননি। তিনি তার রাজনৈতিক জীবনে বেশির ভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। এ জন্য বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সবার অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে আপনাদের সবার ভোট। ২০১৮ সালে আওয়ামী লীগের লোকও নৌকায় ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ এসেছে, দল-মত-নির্বিশেষে সবার ভোট দেওয়ার।
বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সব মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ্।
বিডি প্রতিদিন/এমআই