বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রাম এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রামে মুকসুদপুর উপজেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, সাহস ও দৃঢ় নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, আমি নেতা হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে–দুঃখে সবসময় পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক অনুপ্রেরণার উৎস। সেই আদর্শকে ধারণ করেই বিএনপির নেতা–কর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জিন্নাহ শেখ, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক এবং মুকসুদপুর উপজেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইমরুল কায়েস।
বিডি-প্রতিদিন/সুজন