ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আতাউর রহমান সরকার কসবা উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কসবা পৌরসভা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন। কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান কাজী সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর কাজী মো. ইয়াকুব আলী।
এছাড়াও কসবা উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. দ্বীন ইসলাম ভুইয়া, কসবা পৌরসভা জামায়াতের আমীর মো. হারুনুর রশিদ, কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. গোলাম সারুয়ার এবং কসবা-আখাউড়া যুব জামায়াতে ইসলামীর প্রধান মো. আল-আমিন সরকার বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় মো. আতাউর রহমান সরকার বলেন, কসবা-আখাউড়াকে দুর্নীতিমুক্ত, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি। খুব শিগগিরই কসবা-আখাউড়া এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে একটি সুস্পষ্ট ও বাস্তবমুখী নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ