ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী কবীর আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের কিংবদন্তি, মানুষের হৃদয়ের স্পন্দন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
বুধবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে বায়েক ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কবীর আহমেদ ভূইয়া বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও বহুদলীয় রাজনীতির প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন। তার আদর্শ ও ত্যাগ বিএনপির আন্দোলন–সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। জনগণের অধিকার পুনরুদ্ধারে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমদ খান (পিপি), সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন