বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনে সহযোগিতা না করে যারা ধানের শীষের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তারা দল ও আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের ফকিরভিটায় সাবেক সংসদ সদস্য আফজাল খান সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রিন্স।
সভায় আফজাল খান সমর্থিত নেতাকর্মীরা এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন ঘোষণা করে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ঈমানি দায়িত্ব পালন করেন। দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না।
ধানের শীষের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রিন্স বলেন,
ক্ষমতার জন্য নয়, আপনাদের অধিকার রক্ষার জন্যই আমার এই রাজনীতি। আপনাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও সংগ্রামের সাথেই আমি আছি এবং থাকব।
তিনি আরও বলেন, আসুন গারো পাহাড়ের পাদদেশে চির অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে উন্নয়ন, গণতন্ত্র ও মানবিক মর্যাদার আলোয় একটি আলোকিত জনপদে রূপান্তরিত করি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত