ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আশরাফুল হক নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। সবার ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ আসনে প্রচারণা চালিয়ে আসছিলেন।
তবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে। আশরাফুল হক বলেন, তার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ তার কাছে বড়। তিনি সমর্থকদেরও আহ্বান জানান, একইভাবে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে কাজ করতে।
বিডি প্রতিদিন/আশিক