রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত, প্রশাসন ও অর্থ) ড. আ.ক. ম. আখতারুজ্জামান বসুনিয়া বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্ধ হবে। এর পরদিন (২২ জানুয়ারি) থেকে ভোটের প্রচার-প্রচারণা শুরু হবে। আমরা চাই, সকল স্তরের মানুষ ভোট দিতে ভোটকেন্দ্রে আসুক। ভোটের পরিবেশটাকে আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবো। মানুষ যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে থানা পুলিশ আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সুষ্ঠ ভোট, নিরপেক্ষ ভোট, গ্রহণযোগ্য ভোট মানে হচ্ছে ভোটারের উপস্থিতি বাড়াতে হবে। সেজন্য সেই ধরণের পরিবেশ তৈরী করার জন্য আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এবং রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সবার কাছে যাচ্ছি। সবাইকে আমরা একটা বার্তা দিতে চাই যে, আপনারা সবাই নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন। আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোট অন্য কেউ দেবে না। আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করেন এবং দেশে একটা সরকার ব্যবস্থা আসুক তাতে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে। সেজন্য আপনার-আমার সবার দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া। এই দায়িত্ব থেকে আমরা পিছপা হব না এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই আপনারা আসবেন।’
তিনি আরও বলেন, ‘কোথাও কোনো বাধা থাকলে জেলা পুলিশ আছে, অতিরিক্ত পুলিশ সুপার আছে, এখানে থানার অফিস ইনচার্জ আছে। আপনাদের যেখানে যে ধরনের সমস্যা আছে আপনারা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন এই বাংলাদেশকে, এই জাতিকে উপহার দিতে। যেটা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে। সেজন্য সবার সহযোগিতা চাই।’
এ সময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ্’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) শাহিনুর রহমান, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ