দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সারাদেশে দশ দলীয় জোটের অধীনে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেছেন, যারা ব্যবসার নামে সরকারের ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন। একটি দলের সাথে ঘনিষ্ঠতার কারণে যদি কোন ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়,তাহলে প্রতিবাদ জানানো হবে।
রবিবার (১৮ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এনসিপি নেতা বলেন, দিন শেষে যতই না ভোটের ক্যাম্পেইন হোক না কেনো, বাংলাদেশের জনগণ হ্যাঁ-এর পক্ষে। নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চূড়ান্ত রায় প্রদান করবে। আপামর জনতা, পুলিশ, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী কবি-সাহিত্যিক, আলেম, নারী, হিন্দু-মুসলমান সকল ধরণের মানুষের কাছে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ছাত্রশক্তি ক্যাম্পেইন করবে।
তিনি আরও বলেন, শহীদ হাদীকে যারা খুন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের বাংলাদেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
এসময় আখতার হোসেন এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।
বিডি প্রতিদিন/কামাল